
আব্দুল ওয়াজেদ | টেকনাফ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫)।
বুধবার (৬ মে ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামি মো. রফিক (৩৬), টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত মো. হোছনের ছেলে।
র্যাব-১৫ সূত্র জানায়, টেকনাফ মডেল থানায় ২০১২ সালের একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com