ফেসবুক স্ট্যাটাসে নিজেই নিশ্চিত করলেন বিয়ের তথ্য, হালাল সম্পর্ক ও ন্যায়বিচারের অঙ্গীকার
ডেস্ক রিপোর্ট |
আলোচিত ইসলামী বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজের দ্বিতীয় বিয়ের খবর নিশ্চিত করেছেন।
বুধবার (৬ মে ২০২৬) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে রফিকুল ইসলাম মাদানী বলেন, ব্যক্তিগত জীবনকে ইসলামী বিধান অনুযায়ী পরিচালনা এবং অনৈতিক সম্পর্ক থেকে দূরে থাকার লক্ষ্যেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিক অবক্ষয় ও গোপন পাপে জড়ানোর চেয়ে হালাল পথ বেছে নেওয়াকে তিনি উত্তম বলে উল্লেখ করেন।
তিনি তার প্রথম স্ত্রীর অনুভূতির প্রতিও সংবেদনশীলতা প্রকাশ করে বলেন, এ সিদ্ধান্তে প্রথম স্ত্রীর কষ্ট হচ্ছে, যা তাকে ব্যথিত করে। তবে আল্লাহ যা হালাল করেছেন, তা গ্রহণ করাই সঠিক পথ বলে তিনি বিশ্বাস করেন।
মাদানী আরও উল্লেখ করেন, আড়াই বছরের দাম্পত্য জীবনে প্রথম স্ত্রীর সঙ্গে তার কোনো তিক্ততা বা বড় ধরনের সমস্যা ছিল না। তাদের সংসার ভালোবাসা ও পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে চলছিল বলেও জানান তিনি।
দুই পরিবারের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, একাধিক বিবাহের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখা সবচেয়ে বড় দায়িত্ব। এ বিষয়ে আল্লাহর সাহায্য কামনা করেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে তিনি নিজের দুই পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com