
গিয়াস উদ্দিন ভুলু টেকনাফ।।
কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর বিশেষ অভিযানে ৬ মামলার আসামি ও ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত হামিদ হোসেন (২৪) জাদিমুড়া (গোমতলী) এলাকার বাসিন্দা এবং স্থানীয়ভাবে অপরাধী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র্যাব। তিনি মোঃ ছালাম প্রকাশ ছালা’র ছেলে।
র্যাব-১৫ সূত্র জানায়, হামিদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও সরকারি বাহিনীর ওপর হামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে চকরিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে থেকে সীমান্ত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জাদিমুড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে হামিদ পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com