প্রেস বিজ্ঞপ্তি।।
আন্দামান ট্রলার ডুবি ঘটনার মামলার আসামিসহ মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানের ১১ মামলার অভিযুক্ত আটক
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ মানবপাচারকারী হিসেবে অভিযুক্ত শাকের মিয়া ওরফে শাকের মাঝিকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বুধবার (১৩ মে) সন্ধ্যায় টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান শেষে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাকের মিয়া (৪২), স্থানীয়ভাবে শাকের মাঝি নামে পরিচিত। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শাকের মাঝি মানবপাচারের বিভিন্ন ঘটনায় জড়িত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। বিশেষ করে আন্দামান দ্বীপপুঞ্জে নৌকা ডুবির আলোচিত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলারও তিনি একজন আসামি।
এছাড়া তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com