“উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের শিকার আমি, প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন”-ছৈয়দ করিম রনি
প্রতিবাদ বার্তা।।
সম্প্রতি বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “হ্নীলা নাটমোড়াপাড়া এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারীদের অভয়ারণ্য” শিরোনামে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছৈয়দ করিম রনি।
তিনি বলেন, প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ছৈয়দ করিম রনি জানান, তিনি দীর্ঘ প্রায় ১২ বছর ধরে হ্নীলা বাজারে একটি প্রতিষ্ঠানে মাসিক চুক্তিভিত্তিক চাকরি করে জীবিকা নির্বাহ করে আসছেন। পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যম “টেকনাফ টুডে”-তে প্রতিনিধি ও গ্রাফিক্স ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, একজন নিম্ন আয়ের মানুষ হিসেবে ঋণের চাপ নিয়ে পরিবারসহ মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে তাকে জড়িয়ে মাদক, সন্ত্রাস ও অপহরণের মতো গুরুতর অভিযোগ আনা তার জন্য চরম মানহানিকর এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।
তার অভিযোগ, কিছু স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ ছড়িয়ে ব্যক্তিগত ও পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ছৈয়দ করিম রনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও ব্যক্তিদের প্রতি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য।
তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে নিজের সম্মান ও নিরাপত্তার স্বার্থে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন।
প্রতিবাদকারী-
ছৈয়দ করিম রনি
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com