গিয়াস উদ্দিন ভুলু।।
"র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে ফিরিঙ্গিবাজার এলাকা থেকে আটক পলাতক আসামি"
টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে ৯ বছর বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১৯ মে) র্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে বিকেল আনুমানিক ৪টার দিকে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ) এবং র্যাব-৭ এর সিপিএসসি (চট্টগ্রাম) এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে টেকনাফ মডেল থানায় দায়ের হওয়া শিশু নির্যাতন মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. নবী হোছন (৫২)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নবী হোছন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইটেং পাড়া (আহমদ ঘোনা) এলাকার মৃত মতলবের ছেলে বলে জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গত ১৭ মার্চ ২০২৬ তারিখে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এ একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com