প্রেস বিজ্ঞপ্তি।।
উখিয়া ৬৪ বিজিবির অভিযানে আটক সিএনজি চালক; নারকোটিক্স ডগ ''হেনরী’র সহায়তায় ফাঁস পাচার কৌশল
''কক্সবাজারের টেকনাফ-উখিয়া সড়কের হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ ঘটনায় এক সিএনজি চালককে আটক করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
গ্রেফতারকৃত সিএনজি চালক হলেন টেকনাফ থানার নাইটংপাড়া এলাকার আব্দুল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম (২২)।
বিজিবি সূত্র জানায়, সোমবার বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এসময় বিজিবির নারকোটিক্স ডগ ‘হেনরী’ সিএনজির গ্যাস সিলিন্ডারে সন্দেহজনক সংকেত দেয়।
পরবর্তীতে গ্যাস সিলিন্ডারের ভেতরে আলাদাভাবে তৈরি করা গোপন চেম্বার থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৫টি কাটে মোট ৮ হাজার ৯৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক মো. সাইফুল ইসলামকে আটক করা হয় এবং মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত সিএনজি ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com