গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ।।
কক্সবাজারের টেকনাফে বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল আর্জেন্টিনা ও তারকা ফুটবলার লিওনেল মেসির সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মোটরসাইকেল শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আয়োজিত এ ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন শত শত ফুটবলপ্রেমী।
শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা আর্জেন্টিনা সমর্থকরা নীল-সাদা জার্সি ও আর্জেন্টিনার পতাকা হাতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। জুমার নামাজের পর থেকেই মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মোটরসাইকেল শোভাযাত্রা। আর্জেন্টিনার পতাকা, জার্সি ও রঙিন ব্যানারে সজ্জিত শত শত মোটরসাইকেল নিয়ে সমর্থকরা টেকনাফ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি প্রথমে টেকনাফ স্থলবন্দর এলাকায় গিয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে পুনরায় পৌর শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেরিন ড্রাইভ সড়কের নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
পুরো পথজুড়ে সমর্থকদের স্লোগান, উচ্ছ্বাস ও আনন্দঘন উপস্থিতিতে টেকনাফে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। স্থানীয়রা জানান, এমন আয়োজন এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
আয়োজকদের মতে, আগামী বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে দল ও প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশের লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।
শোডাউন শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গানের কনসার্ট। এতে কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইফতি সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শক ও সমর্থকদের মুগ্ধ করেন। তার পরিবেশনায় রাত পর্যন্ত প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ বজায় থাকে।
আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, খেলাধুলা ও ক্রীড়াকে কেন্দ্র করে এমন ইতিবাচক আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার প্রতি আরও উৎসাহিত করবে।
প্রতিবেদক:
গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ
মোবাইল: ০১৮১৯-০৮৪৭০৮
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com