গিয়াস উদ্দিন ভুলু।।
সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালান করে আনা প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ জুন শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ আভিযানিক দল সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় একটি সন্দেহভাজন বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে বোট থেকে মায়ানমার থেকে চোরাচালান করে আনা প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে চোরাচালান কাজে ব্যবহৃত বোটটি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং সমুদ্রপথে চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালনা করা হবে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com