নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি সিএনজি অটোরিকশা থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই ২০২৬) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ হ্নীলার কোনাপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন একটি সিএনজিকে থামার সংকেত দিলে চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে সিএনজিটিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।
জব্দকৃত ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com