নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে চাঞ্চল্যকর অপহরণ মামলার মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)।
রবিবার (১৯ জুলাই) র্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২৬ জুন ২০২৬ সংঘবদ্ধ অপহরণকারী চক্র অস্ত্রের মুখে চারজনকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে আটকে রাখে। পরে প্রত্যেক ভিকটিমের পরিবারের কাছে ৫ লাখ টাকা করে মোট মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা আদায়ের উদ্দেশ্যে অপহৃতদের ওপর বর্বর শারীরিক নির্যাতন চালানো হয়।
ঘটনার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৩০ জুন বিকেলে র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণকারীদের কবল থেকে নির্যাতনের শিকার চারজন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা নং-০৪, তারিখ ১ জুলাই ২০২৬ দায়ের করা হয়। এরপর থেকেই জড়িতদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত ছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার মূল আসামি মো. রাসেল (২৮) এবং তার সহযোগী আরমান (২১)-কে একটি অটোগাড়ীসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার বাসিন্দা এবং আরমান একই ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-১৫ জানায়, অস্ত্র, মাদক, অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে র্যাব সর্বদা বদ্ধপরিকর।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com