গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফের সাবেক বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা হাফেজ উল্লাহ আবারও ইয়াবাসহ আটক হয়েছেন। এর আগেও তিনি ইয়াবাসহ গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছিলেন।
জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস ইনানী মেরিন ড্রাইভ এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়। এ সময় বাসে তল্লাশি চালিয়ে হাফেজ উল্লাহকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে।
শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় পরিচালিত বিশেষ তল্লাশি অভিযানে টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় হাফেজ উল্লাহকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালেও চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী এলাকায় র্যাব-৭-এর অভিযানে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিলেন হাফেজ উল্লাহ। ওই ঘটনার পর টেকনাফ উপজেলা আওয়ামী লীগ তাকে দল থেকে বহিষ্কার করেছিল।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com