আন্তর্জাতিক ডেস্ক।।
দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জানিয়েছে, এই সংবাদ সম্মেলন সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ এবং এতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।
মঙ্গলবার (৪ আগস্ট) এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, বুধবার শেখ হাসিনা যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেবেন, সেটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজন করা হয়েছে। এ আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্যকেও ভারত সরকার সমর্থন করে না।
এর আগে সোমবার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্যকে ঘিরে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ পক্ষ জানায়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যাতে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও উল্লেখ করা হয়।
জবাবে ভারতের হাইকমিশনার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে এ বিষয়ে সচেষ্ট থাকার কথা জানান।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com