টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও দুইটি স্মার্টফোনসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ৭টা ৩৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাজিরপাড়া চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ জানায়, এর আগে রাত আনুমানিক ৭টা ১৫ মিনিটে শাপলা চত্বর বাজার এলাকায় কৌশলগত টহল পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে, নাজিরপাড়া এলাকায় কয়েকজন মাদক কারবারি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা মজুদ করেছে। পরে র্যাবের সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি বিশেষ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামিদ হোসেনের শ্বশুরের বসতঘরের উত্তর কোণে থাকা একটি আলমারির ড্রয়ার থেকে ৬০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৭২ হাজার ৯৯০ টাকা, একটি ইলেকট্রিক শক মেশিন ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
এ ছাড়া আটক মোহাম্মদ হামিদ হোছনের দেহ তল্লাশি করে তার পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট থেকে আরও ৩৮০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৯৮০ পিস ইয়াবা।
গ্রেফতারকৃতরা হলেন-
টেকনাফ মডেল থানাধীন সাবরাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়ার মৃত ছৈয়দ হোসেনের ছেলে হামিদ হোসেন (৩০) এবং টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপাড়ার মোহাম্মদ ছালের ছেলে মোহাম্মদ হামিদ হোছন (২৪)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে র্যাব-১৫-এর চলমান অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com