নিজস্ব প্রতিবেদক।।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোনসহ মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২২ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের খবর পায় বিজিবি। পরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির নিকটবর্তী নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোটযোগে রাত আনুমানিক ১টার দিকে নাফ নদীতে কৌশলগত অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক ৭টার দিকে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মিয়ানমার জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়।
বিজিবির নৌ-টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকাটিকে চ্যালেঞ্জ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা চোরাকারবারিদের মধ্যে ৩ জন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়।
পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরিতে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৩টি প্যাকেট থেকে মোট ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক মিয়ানমার নাগরিকের নাম মো. শাহ আলম (৫০)। তিনি মিয়ানমারের মংডু থানার পুইমালি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। বিশেষ করে ভয়াবহ মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, প্রযুক্তিগত পর্যবেক্ষণ, নৌ-টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।
আটক আসামি ও উদ্ধার করা ক্রিস্টাল মেথসহ অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com