প্রেস বিজ্ঞপ্তি।।
দেশের সর্ব দক্ষিণ সীমান্ত উপজেলা টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ারসহ মোহাম্মদ সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে নুর কবির (৩০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের শিলবুনিয়া এলাকায় নাজিরপাড়া বিওপির আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নুর কবিরের বসতবাড়িতে খুচরা বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য মজুত রাখার খবর পেয়ে এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়- ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় রাত সাড়ে ৮টার দিকে বিজিবির একটি দল শিলবুনিয়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে নুর কবিরের বসতঘর ও আশপাশের এলাকা ঘিরে ফেলা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নুর কবির পালিয়ে গেলেও পালানোর
প্রাক্কালে মোহাম্মদ সেলিমকে আটক করা হয়।
পরে বসতঘরে তল্লাশি চালিয়ে ৩১৪ ক্যান হান্টার বিয়ার ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটক মোহাম্মদ সেলিম শিলবুনিয়াপাড়া এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে। পলাতক নুর কবিরও একই এলাকার বাসিন্দা এবং মৃত লাল মোহাম্মদের ছেলে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া জানান, গোয়েন্দা তৎপরতা ও পরিকল্পিত অভিযানের মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ মজুদ ও বিক্রির অপচেষ্টা ব্যর্থ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান, অবৈধ মজুদ ও অন্যান্য অপরাধ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিজিবি আরও জানায়- আটক ব্যক্তি ও জব্দ করা মাদকদ্রব্যসহ অন্যান্য মালামাল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com