আন্তর্জাতিক ডেক্স।।
রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছে বাংলাদেশ সরকার।
এ রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার ও নিরাপদ প্রত্যাবাসনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সরকারের দুই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো দমন-পীড়নের ঘটনায় মিয়ানমারকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে রায় দেন। আদালতের এ রায়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ড, যৌন সহিংসতা ও অন্যান্য গুরুতর অপরাধের বিষয় উঠে আসে।
রায়ের পর সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ এ রায়কে স্বাগত জানায় এবং এতে সন্তুষ্ট। তাঁর মতে, আন্তর্জাতিক বিচার আদালতের এ রায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর নতুন করে চাপ সৃষ্টির সুযোগ তৈরি হয়েছে। শুধু প্রত্যাবাসন নয়, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের জন্যও এ রায়ের ইতিবাচক প্রভাব থাকতে পারে।
তিনি আরও জানান, রায়ে ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে যাওয়ার কথা জানান।
অন্যদিকে, রায়ের আগের দিন বুধবার (১৮ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি অ্যান একেলস-কারির সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত এবং দীর্ঘদিনের মানবিক সংকটের মূল কারণ মোকাবিলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি।
শামা ওবায়েদ আরও বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে দ্রুত, নিরাপদ ও টেকসইভাবে নিজ দেশে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র কার্যকর ও স্থায়ী সমাধান। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় রোহিঙ্গা সংকটের সমাধানে নতুন কূটনৈতিক ও আইনি সম্ভাবনা তৈরি করেছে। তবে রায় বাস্তবায়ন, ক্ষতিপূরণ নির্ধারণ এবং রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক উদ্যোগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর কার্যকর সহযোগিতা প্রয়োজন হবে।
All rights reserved © 2026 ChannelTeknaf24.Com