গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজা ও ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ সময় চোলাই মদ বহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা যায়, দমদমিয়া বিওপি চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় চট্টগ্রাম থেকে টেকনাফগামী একটি যাত্রীবাহী রিল্যাক্স বাসে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বাসের পেছনের আসনে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাদের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. নিজাম (২০) ও রবি দাশ (৪৮)-কে আটক করা হয়। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২ হাজার ৪০০ টাকা।
অপরদিকে, একই দিনে টেকনাফ ব্যাটালিয়নের সী-বীচ বিওপির দায়িত্বপূর্ণ তুলাতুলি ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কয়েকজন ব্যক্তি একটি কার্টন বহন করে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় তারা কার্টনটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত কার্টনের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৬৬ হাজার ৫০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি, উদ্ধারকৃত চোলাই মদ ও গাঁজার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
https://slotbet.online/