গিয়াস উদ্দিন ভুলু।।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উপকূলীয় উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে বহুপক্ষীয় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক টেকনাফ গড়ে তুলতে যুবদের পক্ষ থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) টেকনাফ উপজেলা শিল্পকলা একাডেমিতে ‘অ্যাক্টিভিস্টা টেকনাফ টিম’ ও যুব নেতৃত্বাধীন সংগঠন ‘উদয়’-এর যৌথ আয়োজনে, ‘শেড’-এর এফোরটি (FORTY) প্রজেক্ট এবং ‘অ্যাকশনএইড বাংলাদেশ’-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি মোহাম্মদ ফারুক হোসেন এবং উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ খান। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় যুবদের মাঠপর্যায়ের গবেষণা ও তথ্য-উপাত্তের ভিত্তিতে চারটি অগ্রাধিকারমূলক দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-সাইক্লোন শেল্টারগুলোকে জেন্ডার-সংবেদনশীল করা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুব প্রতিনিধিত্ব নিশ্চিত করা, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা এবং হ্নীলা ইউনিয়নের উপকূলীয় বেড়িবাঁধ উন্নয়নের পাশাপাশি বেড়িবাঁধের উভয় পাশে বৃক্ষরোপণ নিশ্চিত করা।
এ সময় ‘অ্যাক্টিভিস্টা থিয়েটার টিম’ নাট্য পরিবেশনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র তুলে ধরে। পাশাপাশি একটি ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে উপকূলীয় জনগণের দুর্ভোগ ও সম্ভাব্য সমাধান অতিথিদের সামনে উপস্থাপন করা হয়।
সভায় উত্থাপিত দাবিগুলোর বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস. এম. অনীক চৌধুরী বলেন, যুবদের প্রমাণভিত্তিক এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি জানান, শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় নিরাপদ সুপেয় পানির সংকট নিরসনে দ্রুত এলাকা পরিদর্শন করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাইক্লোন শেল্টারগুলোকে জেন্ডার-সংবেদনশীল করা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যুবদের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।
সভার বক্তারা আরও বলেন- সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও যুবসমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকনাফকে একটি নিরাপদ, টেকসই, জলবায়ু সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক উপকূলীয় জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব। সভা শেষে এ লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
https://slotbet.online/