মিজানুর রহমান।।
কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর বিশেষ অভিযানে একটি প্লাস্টিকের ড্রামে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ জুলাই ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় একটি বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থানরত মাদক কারবারিরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে শাকিলা শারমিন রেশমী (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়। তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে বাড়ি ও ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে ড্রামের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত শাকিলা শারমিন রেশমী উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেপ্তারকৃত আসামি ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে তাদের গোয়েন্দা নজরদারি, চিরুনি অভিযান ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/