০টেকনাফ প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার মো. ইসমাইল (৫১) নামের এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা গহীন পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জুলাই সকাল আনুমানিক ১০টা ২৯ মিনিটে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা মো. ইসমাইল হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অজ্ঞাতনামা অপহরণকারী চক্রের হাতে অপহৃত হন। এ ঘটনায় তার বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
ঘটনার পরপরই র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) ভিকটিমকে উদ্ধারে এবং অপহরণকারীদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৩টা ৫ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ভিকটিমের অবস্থান শনাক্ত করা হয়। পরে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মো. ইসমাইলকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তবে অভিযানের সময় অপহরণকারী চক্রের সদস্যরা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ইসমাইল জানান, অপহরণকারীরা তাকে গহীন পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তার ওপর অমানুষিক শারীরিক নির্যাতনও চালানো হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/