গিয়াস উদ্দিন ভুলু।।
দেশের সর্ব দক্ষিণ সীমান্ত উপজেলা টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
এ সময় একটি ইজিবাইকসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানায়-নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, লেদা বাজার অতিক্রম করে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সকাল ১০টার দিকে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ আভিযানিক দল।
পরে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনজনকে নিয়ে একটি ইজিবাইক সন্দেহজনকভাবে লেদা বাজার অতিক্রম করার সময় বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। মেটাল ডিটেক্টরের সাহায্যে ইজিবাইকে থাকা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত হলে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে বিস্তারিত তল্লাশি করা হয়।
তল্লাশিতে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় ২টি জি-৩ রাইফেল, বড় ও ছোট একটি করে দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, ৩টি টেজার, ৬টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, ৪ কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, একটি ইজিবাইক এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক তিনজন হলেন-মোহাম্মদ উসমান বেলাল, মোহাম্মদ মুসলিম ও মোহাম্মদ আনসার আলী।
বিজিবির তথ্য অনুযায়ী তাদের তিনজনেরই ঠিকানা কক্সবাজারের বিভিন্ন এফডিএমএন ক্যাম্পে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া বলেন- সীমান্তবর্তী এলাকায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য চোরাচালানসহ সব ধরনের সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে বিজিবি সতর্ক ও তৎপর রয়েছে। অবৈধ অস্ত্রের চালান প্রতিহত ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
https://slotbet.online/