গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র্যাব-১৫)।
মঙ্গলবার (১৩ মে) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জাকির হোসেন (২৮)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম দিল মোহাম্মদ এবং মাতার নাম মরিয়ম খাতুন।
র্যাব সূত্রে জানা যায়, জাকির হোসেন নাইক্ষ্যংছড়ি থানার একটি মাদক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। সংশ্লিষ্ট মামলায় আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
সাজা ঘোষণার পর থেকেই তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, তিনি টেকনাফের দমদমিয়া এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/