প্রেস বিজ্ঞপ্তি।।
ইঞ্জিন বিকল হয়ে কুতুবদিয়ার পশ্চিমে আটকা পড়েছিল বোটটি; কোস্ট গার্ডের অভিযানে উদ্ধার করে দেওয়া হয় খাবার ও প্রাথমিক চিকিৎসা
গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২১ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাডারের মাধ্যমে একটি বোটকে সমুদ্রে ভাসমান অবস্থায় শনাক্ত করে।
পরে বোটটির কাছে গিয়ে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে গত ১৮ মে লক্ষ্মীপুরের আলেকজান্ডার খাল এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায় বোটটি। একপর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে কুতুবদিয়ার পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় তিন দিন ধরে ভাসতে থাকে।
পরে কোস্ট গার্ড সদস্যরা বোটসহ ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত বোট ও জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
https://slotbet.online/