গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফে অপহরণ, মাদক পাচার প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শিগগিরই যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, র্যাব-১৫-এর পুলিশ সুপার, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি, কোস্ট গার্ড, এপিবিএন, বন বিভাগসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় অপহরণ, মাদক ও মানবপাচার প্রতিরোধ, পাহাড়ে চিরুনি অভিযান পরিচালনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া বন্ধ এবং টেকনাফের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
https://slotbet.online/