মিজানুর রহমান।।
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর বিশেষ চেকপোস্ট অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি সিএনজি অটোরিক্সা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১১ জুলাই) র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১০ জুলাই) বিকেলে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, এক মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি সিএনজি অটোরিক্সাযোগে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনে দিয়ে অতিক্রম করবে।
সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকেল ৫টা ৪৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকায় র্যাব ক্যাম্পের সামনের সড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বিকেল ৫টা ৫৫ মিনিটে জাদিমুরা বাজারের দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিক্সাকে থামিয়ে চালককে আটক করা হয়।
র্যাব জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে সিএনজি অটোরিক্সার নিচে বাম পাশের চাকার পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. মোবারক (১৯)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা (জিনজিরা পাড়া) এলাকার সৈয়দ আলীর ছেলে।
র্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
https://slotbet.online/