চ্যানেল টেকনাফ ২৪ | নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার-টেকনাফ মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব-১৫ জানায়, রবিবার (২৬ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া দক্ষিণ স্টেশন এলাকায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পাশে শহীদুল্লাহ জমিলুর বিউটি হার্ডওয়্যার দোকানের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।
এ সময় একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহীরা তা অমান্য করে সিএনজি ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন।
আটকদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে নীল রঙের ৫০টি এয়ারটাইট পলিপ্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ১ হাজার পিস করে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-নুরুল হাকিম (২৮), মো. ইদ্রিস (৪৮) এবং শামসুল আলম (২৪)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে।
উদ্ধার হওয়া ইয়াবা- জব্দকৃত সিএনজি অটোরিকশা এবং অন্যান্য আলামতসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও সংঘবদ্ধ অপরাধ দমনে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/