আন্তর্জাতিক ডেস্ক।।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ এবং মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে মিয়ানমার। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার-এর বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে।
চেন্নাহ এলাকায় ভোটারদের সঙ্গে এক অনুষ্ঠানে আনোয়ার ইব্রাহিম বলেন- মিয়ানমার এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে। তিনি বলেন, দুই দেশের সুসম্পর্ক ও ধারাবাহিক আলোচনার ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন- এ ধরনের জটিল বিষয় সমাধানে সতর্ক কূটনীতি ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, এর আগে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হয়নি, কারণ মিয়ানমার তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। সে কারণে মালয়েশিয়াকে তাদের নির্ধারিত স্থানে আশ্রয় দিতে হয়েছে।
এদিকে, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন- কেউ জনশৃঙ্খলা নষ্ট করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে দেশটির পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়ে বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়েছে।
সূত্র: দ্য স্টার (মালয়েশিয়া)
https://slotbet.online/