বাহারছড়ার নোয়াখালীপাড়ায় অভিযান চালিয়ে ওয়ান শুটার গান, রাইফেলের গুলি ও কিরিচ উদ্ধার; একাধিক মামলার আসামি বলে জানিয়েছে র্যাব
গিয়াস উদ্দিন ভুলু।।
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর বিশেষ চিরুনি অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা আব্দুল গফুর (৪৪) কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আব্দুল গফুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি বড় লোহার কিরিচ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল গফুর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গফুর ওই এলাকার সংঘবদ্ধ ‘গফুর ডাকাত দলের’ প্রধান হোতা ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদক, গুরুতর আঘাত ও হত্যা চেষ্টা মামলাসহ একাধিক মামলা রয়েছে। একটি মাদক মামলায় তিনি পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিও বলে জানিয়েছে র্যাব।
দীর্ঘদিন ধরে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে দাবি করেছে র্যাব।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৫ জানিয়েছে, সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
https://slotbet.online/